Skip to content
Spread the love

কারা আমরা

তাছাদ্দুক হোসেন

নেভার য়েভার
আমরা লেবার 
খাটছি লেবার
চাটছি ঘামের ঝুল সরুয়া
পাচ্ছি টাকার গন্ধ ফ্লেবার।
 
মাথায় মাথায় ইটের এ ভার
বইছি আরও যত্ত দেবার
দিয়েই দে দে
স্কন্ধে বেঁধে
চাচ্ছি যেতে চিতোর মেবার।
 
মন বিছালাম পথের উপুড়
লাল গালিচা রুপোর নূপুর
রাস্তা করে দিচ্ছি তোমার
সময়টা ঠিক মধ‍্য দুপুর।
 
আকাশপাড়ে ইটের বোঝা
তুলছি হেঁটে প্রাণটা হাতে
থাকবে কারা দরদালানে
উঠছে প্রাসাদ কার বরাতে।
 
আমরা আমরা আমরা আমরা
পুড়িয়ে পিঠের কালচে চামড়া
রক্তফোঁটা ঝরিয়ে দেদার
গড়ছি বসবাসের কামরা
নাও তো বুঝে কারা আমরা?