কোন এক গুলবাহার ভোরে
নাগরিক কোলাহল থেকে একটুখানি দূরে
মধ্যদুপুরের নিষ্প্রাণ রোদে বড়বিলার পাশে
ঠায় দাড়িয়ে থাকা সারিবাঁধা তালগাছগুলো
উঁকি দিয়ে ডাকে আমাকে – ‘আয়’!
শীতের সকালটা এতোটা তৃষ্ণা দিয়েছিল, ছুটে গেলাম।
দেখলাম দীঘল সবুজ বন-
বন পেরিয়ে বিরস শুকনো বিল
বিলে উড়ছে সাদা সাদা বক,
দূর আকাশে খুব একাকী বুনো গাঙচিল।
এগিয়ে গেলাম-
বিলের ধারে ফুটে থাকা চিরল শাপলার ফাঁকে
বসে থাকা একলা শালিক নড়ে বসে
ধীর পায়ে হেঁটে যায় এদিক ওদিক
আমি পিছু নিই-
উচাটন মন থমকে দাড়ায়।
একলা শালিক উড়ে চলে যায় দূরে..
আমি ফিরে আসি।।
দুপুর পেরিয়ে বিকেল-
বিষন্নতায় ভর করে
ফিরে যাই চেনা কোলাহলে
তারপর আমাদের নগরে সন্ধ্যা নেমে আসে।