অনন্তকাল
সুস্থির রঞ্জন সরকার
আমাকে তুমি বলোনা ভুলে যেতে,
চাইলে কি পারা যায়? তুমি পেরেছো?
প্রশ্ন জাগে, একটা সুযোগ, পুনর্বার
বিবেচনার, চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে
এতদিনের চিরচেনা পথ হেঁটেছি যুগপৎ,
তুমি আমি জানি রব না, চিরদিন
এই চিরচেনা ভুবনে, সে না হয় নিয়তি-
বিধাতার খেলা, তাই বলে যে স্বপ্ন দেখেছি দুজনে
তা কি ভুলে যাবো? ঐ যে জারুল গাছটা
কিংবা জয়নাল আবেদিন পার্কের বেঞ্চটা
নয়তো ধরো জামাল মাঝির নৌকা খানি
বিশ্ববিদ্যালয়ের সবুজ মাঠ, টিএসসি মোড়
অপরাজেয় বাংলার ছায়া সুনিবিড় মায়া
ওরা কি ভুলে যাবে? আচ্ছা এত সহজেই কি ভোলা যায়?
হ্যাঁ ভোলা যায়, ছোট্ট ছোট্ট ভুল গুলো, অভিমানগুলো,
দূরত্ব তৈরীর সকল রশদ; আবার না হয় শুরু করা যাক
শুন্য থেকে, নতুন উদ্যোমে, আমি সত্য প্রতিজ্ঞা করছি
ভালোবাসার শেষ সীমানা না পোঁছা উব্দি, এবার থামবো না,
কোনোক্রমেই না, দেখে নিতে চাই অসীমকে সসীম চোখে
তুমি আমি মিলেই পৌঁছুতে চাই শেষ সীমায়, বিজয়ীর বেশে,
পরিস্থিতি যাই হোক, রয়ে যেতে চাই একসাথে, অনন্তকাল।